জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকীতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ -সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। দেশটা আমাদের সবার। এই দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।

তিনি বলেন,বঙ্গবন্ধু আমাদের একটি সংবিধান দিয়েছেন। একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তাঁর প্রতিফলন আমাদের এই সংবিধানে রয়েছে।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি জীবনের সব সুখ বিসর্জন দিয়েছেন।
ড. শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। বর্তমানে আমাদের দেশের শতকরা ২৩ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। বিশ্ব অর্থনীতির মন্দা থাকলেও আমাদের দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে।

এ সময় ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, যুবলীগ মহানগরের (দক্ষিণ) সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় দফতর সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর