মূলত, জনগণের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি গণমানুষের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণরাষ্ট্রে পরিণত করার আন্দোলনে শরীক হতে সকলের প্রতি আহবান জানান।

শুক্রবার পটুয়াখালী জেলার বাউফলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন। পটুয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আমীর অধ্যাপক শাহ আলম।

আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসহাক মিয়া, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি মো. আলী আজগর, জেলা সেক্রেটারি মাহাদী হাসান নাহিদ, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ কাজী আব্দুদ দাইয়ান, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মো. আল আমিন, ইসলামী ছাত্রশিবির বাউফল উত্তরের সভাপতি মো. লিমন হোসাইন, বাউফল পূর্ব সভাপতি সিদ্দিকুর রহমান, বাউফল পশ্চিম সভাপতি হাফেজ আরিফুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সারাদেশে তাপমাত্রার অবনতি ও শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। তীব্র শীতের হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে আগাম প্রস্তুতি দরকার হলেও এ ব্যাপারে সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনো করছে এবং আগামী দিনেও আমাদের এই কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা বাউফলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এই জনপদের অধিবাসীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, নারীর নায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার উন্নয়ন, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও চর্চায় উদ্বুদ্ধকরনের প্রত্যয়ে জনসাধারণকে সাথে নিয়ে কাজ করছি। তিনি ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত বাউফল গড়তে আগামী দিনে সৎ ও যোগ্য ব্যাক্তিকে নেতৃত্বের জন্য বেছে নেওয়ার আহ্বান জানান।