কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের ইলিয়াস-অলি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে কোটবাড়ি গভ. ল্যাবরেটরি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুবিতে ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে সকাল থেকে কোটবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রলীগের ইলিয়াস ও অলি গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেন। এক পর্যায়ে সেখানে আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে মাজেদ নামের এক ছাত্রলীগ কর্মীর অবস্থা আশংকাজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাকে কুমেক হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ বিষয়ে ঘটনাস্থল কোটবাড়ি থেকে মোবাইলে কুবির ডেপুটি রেজিষ্ট্রার দলিলুর রহমান জানান, ভর্তি পরীক্ষার কেন্দ্রের বাইরে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হয়নি, যথসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেবি





