বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা নিয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বক্তব্য ‘নিতান্তই দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, এর মধ্যদিয়ে তিনি তারেক রহমানের পর্যায়ে চলে গেছেন।
জামায়াতে ইসলামী সম্পর্কে মেনন বলেছেন, ‘আল কায়েদার জন্য বিশ্বের অনেক দেশ ধ্বংস হয়েছে। আল কায়েদা ধর্মের নামে, ইসলামের নামে মানুষকে হত্যা করছে। আজকে এ আল কায়েদার সঙ্গে সংযুক্ত হয়েছে জামায়াতে ইসলামী।’
জেলা শহরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সৈনিক ক্লাবে শুক্রবার দুপুরে ওয়ার্কার্স পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমাদের আল কায়েদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। অনুষ্ঠানে ধান গবেষণা ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়ার্কার্স পার্টি সমর্থিত শ্রমিক কর্মচারিরা অংশ নেয়।
বাম সংগঠনের এ নেতা বলেন, ইতিহাসের কথা বলতে গেলে বস্তুনিষ্ঠ হতে হয়। আর এ ধরনের প্রসঙ্গের ক্ষেত্রে এটা আরও জরুরি। খন্দকার সাহেব নিজ কানে না শুনে অপরের কথা বলেছেন। সেটা কতখানি তথ্যভিত্তিক ছিল, লেখার আগে সেটা যাচাই করে নেওয়া উচিত ছিল।
তিনি দাবি করেন, এতে মানুষ বিভ্রান্ত হবে না। কেননা ৭ মার্চের ভাষণে প্রতিটি কথাতেই বাংলাদেশের স্বাধীনতার আহ্বান স্পষ্ট ছিল।
মেনন আরও বলেন, সামরিক নেতৃত্ব নয়, রাজনৈতিক নেতৃত্বই মুক্তিযুদ্ধ সংগঠনে মূল ভূমিকা পালন করেছে। এই সত্য বিস্মৃত হলে মুক্তিযুদ্ধের ইতিহাসকেই বিকৃত করা হয়। এটা সৌভাগ্যের যে, মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী ব্যক্তিরা আজও বেঁচে আছেন। তাই তারেক রহমানরা যতই চিৎকার করুক তা কোনও কাজে লাগবে না।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





