জনগণের প্রত্যক্ষ ভোট বিহীন যে পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে তা সংবিধান পরিপন্থী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপি নেতা এ মন্তব্য করেন।
বর্তমান ‘মেরুদন্ডহীন’ নির্বাচন কমিশন (ইসি) দিয়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না দাবি করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এর আগের সব স্থানীয় সরকার নির্বাচন সরকার নিজেদের পক্ষে নিয়ে গেছে।আসন্ন জেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু হবে না বলে তিনি মনে করেন। তবে এ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, জেলা পরিষদ নির্বাচন যে পদ্ধতিতে হতে যাচ্ছে, যেটা ঘোষণা করা হয়েছে তা সংবিধানের যে মৌলিক বিষয়টি রয়েছে তার পরিপন্থী।
এই নির্বাচন ব্যবস্থাই, সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাই এখন আর কাজ হচ্ছে না। এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমান যে নির্বাচন কমিশন তার অধীনে কখনোই কোনো নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়নি। আর ভবিষ্যতে একটি নির্বাচন তারা করার সুযোগ পাবেন না, সেটাও হবে না।
এসএম





