বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকার দেশে আওয়ামী বাকশালের শেষ বসন্ত উদযাপন করছে।
বৃহস্পতিবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন পরবর্তি সহিংসতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনের পর অবৈধ আওয়ামী লীগ সরকার সন্দেহাতীত ভাবে বাকশালী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। এদের কাছে ক্ষমতার মসনদ আঁকড়ে থাকাটাই এখন বড় কথা। জনগণের ইচ্ছা আকাঙ্খার কোন মূল্য এই স্বৈরাচারী সরকারের কাছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, অপদার্থ নির্বাচন কমিশন জনগণের স্বাধীন ভোটাধিকার প্রধানে সহায়তা করা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় রেখে আওয়ামী প্রার্থীদের জিতিয়ে আনতে সক্রিয় রেখেছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও সহিংসতা বিএনপি ও জোট নেতা-কর্মীদের বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় এক বিভিষিকাময় পরিবেশ তৈরী হয়েছে।
বিএনপি ও জোট সমর্থীত চেয়ারম্যান প্রার্থীরা যাতে শপথ নিতে না পারে সেই জন্যেই তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শপথ গ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সালাহ উদ্দিন আরও বলেন, দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে এবং বন্দী গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলের অংশগ্রহনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।
আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, জনগণের দূর্ভোগ হয় এমন কোন কর্মসূচী আমরা দিব না। তবে আমরা জনগণকে সাথে নিয়ে  এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাব।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ//এসএইচ[/b]