গত ১৬ ফেব্রুয়ারি গুলশান-২ গোল চত্ত্বরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মিছিলে ককটেল বিস্ফোরণে ২৩ নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ ফেব্রুয়ারি গুলশানের ঘটনার প্রতিবাদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
সেদিনের ঘটনায় গণমাধ্যমগুলো জানায় ৬/৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আহতের ঘটনা পরবর্তীতে 'রহস্যজনক' বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
সমাবেশে নৌ মন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, সারাদেশে আপনার নেতাকর্মীরা মানুষকে পুড়িয়ে মারছে, আমাদের নেতাকর্মীরা রাজপথেই আছে। জনগণের রক্তের সিঁড়ি বানিয়ে আপনার ক্ষমাতায় যাওয়ার ইচ্ছা কখনোই পূরণ হবে না।
এই অবস্থা চলতে থাকলে খালেদা জিয়া বাংলার রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দূর্জয়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
এমএম/ এআর





