সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বৈঠকে দলের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিকাল ৪টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ জানান, রবিবার বিকাল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মোদির সঙ্গে বৈঠকের জন্য খালেদা জিয়া দলের পাঁচজন নেতার নাম প্রাথমিকভাবে মনোনীত করেছেন। তারা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক দুই সচিব শমসের মুবিন চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ।
বিএনপির দায়িত্বশীল একজন নেতা বলেন, ‘ম্যাডাম যদি মনে করেন সীমিতসংখ্যক সদস্য নিয়ে যাবেন, তখন প্রতিনিধি দলের সংখ্যা আরও কমতে পারে। আর যদি দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়, তাহলে ম্যাডামের সঙ্গে দুই-একজন থাকতে পারেন।’
ছত্রিশ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় আসেন মোদি।
এএইচ





