২০ দলীয় জোটের শরীক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিন্মর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ভাষার মাস বাঙালি জাতির রক্তদানের ইতিহাসের মাস। দেশ হিসেবে আমরা ছোট হতে পারি কিন্তু জাতি হিসেবে আমরা ছোট নই।

সুতরাং এ জাতি বীরের জাতি। গোলাম বানিয়ে রাখা যাবে না। তিনি বলেন, এ জাতি রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে। মায়ের মুখের বাংলা ভাষার জন্য তাজা রক্ত ঢেলেছে। সুতরাং ভিনদেশী ভাষা আগ্রাসন এখনই রুখতে হবে।

তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘কেউ না এলেও নির্বাচন হবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ‘বিচার মানি, তালগাছ আমার’ তবে জাগপা স্পষ্টভাবে বলতে চায় শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। এদেশের মানুষের অধিকার হরণ করে নির্বাচন হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আরো বলেন, ‘যুগ যুগ ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জাতিকে মেধাশূন্য করার গভীর চক্রান্তের অংশ। তার বক্তব্যে শিক্ষার্থীসহ দেশবাসী ক্ষুব্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিভাবকদের ঘাম ঝরা শ্রমের অর্থ সন্তানদের মেধাবী করে তোলার প্রয়োজনে ব্যয় হচ্ছে। অথচ একটি মহল দেশকে মেধা ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশবাসীর জিজ্ঞাসা প্রধানমন্ত্রী কি নকল করেই পাশ করেছেন ?

তিনি আজ বিকাল ৪ টায় আসাদ গেট জিইউপি মিলনায়তেন জাগপা আয়োজিত ভাষা দিবস-বাঙালির রক্তদানের ইতিহাস শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, মানিক সরকার, জাগপা নেতা এনায়েত আহমেদ হালিম, যুব জাগপা নেতা আরিফুল হক তুহিন, রিয়াজ রহমান, জাগপা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ফারুকী, নূর ইসলাম, যুবনেতা নজরুল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম ফেরদৌস, আফজাল হোসেন, আমির হামজা প্রমুখ। এদিকে আজ রাত ১২ টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে জাগপা নেতৃবৃন্দ।

এএস