আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ফাঁসির দন্ড কমিয়ে আমৃত্যু জেল দেওয়ায় তিনি এ শুকরিয়া আদায় করেন।

বুধবার সকাল কারাগারে তাকে চিন্তিত দেখালেও দুপুরের পর তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রায় নিয়ে তিনি অনেকের সঙ্গে আলাপও করেন।

তিনি বলেন, জীবন নেয়া এবং দেয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনিই ঠিক করবেন কার কখন মৃত্যু হবে। তবে কারাগারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে কোনো কিছু জানানো হয়নি।

কারাসূত্র জানায়, দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারের পার্ট-১ এর একটি ওয়ার্ডে বন্দি রয়েছেন। সেখানে তিনি নিয়মিত নামাজ ও কোরআন ও ধর্মীয় বই পড়ে সময় কাটাচ্ছেন।

সাঈদী সম্পর্কে জানতে চাইলে কাশিমপুর পার্ট-১ এর জেলার মোহাম্মদ আমজাদ হোসেন ডন বলেন, আপিল বিভাগের রায় আমরা এখনো হাতে পাইনি। রায় পাওয়ার পরে আমরা এ ব্যাপারে কথা বলতে পারব। তবে আজ সারাদিন সাঈদীর সাথে আমার দেখা হয়নি।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ