বিএনপির স্থায়ী কমিটির সদস্যও সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন,দুর্নীতি দমন কমিশন (দুদক) সব সময়ই বিরোধী দলের লোকদের বিরুদ্ধেই সক্রিয় থাকে । তবে এবার সরকারি দলের কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমে কিছুটা চমক সৃষ্টি করছে। এরবাইরে কিছু হবে না বলেও মন্তব্য করেছেন তিনি ।
মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত “রাজনৈতিক ঐক্য ও জবাবদিহিতামূলক প্রশাসন দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক” শীর্ষক সেমিনারে ড. ওসমান ফারুক এই মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারি সবগুলো প্রতিষ্ঠানই দলীয় তোষামদে ব্যস্ত। প্রশাসনের সকল স্তরে দলীয় প্রভাবের কারণে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে ওই প্রতিষ্ঠানগুলো। সরকারকে খুশি করতে গিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো আজ মেরুদণ্ডহীন হয়েপড়েছে।
তিনি বলেন, রাজনীতিবিদ এবং প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হচ্ছে না। দেশের প্রাইভেট সেক্টরগুলো বেশি দুর্নীতি গ্রস্ত। ব্যবসায়ীরা তাদের ব্যবসার দুর্নীতি লুকাতে অনেক সময় রাজনীতিবিদরে ব্যবহার করে।
ড. ওসমান ফারুক বলেন, দরিদ্রতার জন্য দুর্নীতি হচ্ছে না। দুর্নীতি অধিক সম্পদের লোভের কারণে হচ্ছে। আর এই দুর্নীতির মূল কারণ দলীয় ও সরকারি প্রভাব।
ঢাকা একে ১এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর





