জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতীয় হাইকমিশনার মিঃ হর্ষবর্ধন শ্রিংলা দৈনিক যুগান্তর পত্রিকায় ২১ নভেম্বর যে বক্তব্য প্রদান করেছে তার প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।  

আজ (২১ নভেম্বর) বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতীয় হাইকমিশনার মিঃ শ্রিংলার বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই না যে, বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের হাই কমিশনার এ ধরনের কোন বক্তব্য রেখেছেন।

এ ধরনের বক্তব্য যদি তিনি আদৌ রেখে থাকেন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। এটি হবে স্বাধীন বাংলাদেশের রাজনীতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। আমরা এর প্রতিবাদ জ্ঞাপন করছি।”

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও স্বাধীন সংগঠন। কখন কার সাথে রাজনৈতিক মিত্রতা করবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার অন্য দশটি দলের মত তার রয়েছে।”

“অবশ্য মিঃ শ্রিংলা তার বক্তব্যের শেষ প্রান্তে এসে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ এটা দেখবে।’আমরাও প্রিয় বাংলাদেশের জনগণের উপর পূর্ণ আস্থা রেখে তাদের উপর এর বিবেচনার ভার ছেড়ে দিলাম।”  

জামায়াত সেক্রেটারি বলেন, “আমরা বাংলাদেশের এবং এদেশের জনগণের ন্যায় সংগত সকল অধিকার সংরক্ষণ এবং জনগণের অধিকার হরণের তৎপরতার বিরুদ্ধে আমাদের ভূমিকা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এইসব কথা জানানো হয়।

এমবি