অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের সকল বিরোধী দলকে নিশ্চিহ্ন করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে এখন আরো বেশী বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে বিমানবন্দর থেকে আটকের প্রতিবাদে শনিবার  বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এসব গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান ক্ষমতাসীনদের ক্রমাগত প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বহি:প্রকাশ স্পষ্টতর হচ্ছে। দেশকে বিরোধী দলশুন্য করতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতারের মাধ্যমে দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম চলছে।

তিনি বলেন, দেশের সকল প্রচলিত আইন এবং মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বর্তমান আওয়ামী অবৈধ সরকারের স্বেচ্ছাচারী শাসনে এখন বিলুপ্তপ্রায়। একথা নিশ্চিত করে বলা যায় যে, দেশের বিরোধী দলগুলোর অস্তিত্ব সমুলে বিনাশ করাই বর্তমান অবৈধ সরকারের প্রধান ও মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে নিরবচ্ছিন্নভাবে গ্রেফতার করা হচ্ছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এবং ছাত্রদল নেতা মনির হোসেন, ফয়সাল, কামাল ও মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।


ঢাকা, এমএইচ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম