আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলে থেকে কেউ যদি আন্দোলনে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে তারা বিজয়ী হতে পারে না।

আজ শুক্রবার সকালে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা মনে রাখবেন, এ দেশে বিরোধী দলে যাঁরা থাকেন, তাঁরা যদি আন্দোলনে বিজয়ী হতে না পারেন, তাহলে পরবর্তী নির্বাচনেও তাঁরা বিজয়ী হতে পারেন না। এটাই আমাদের দেশে হয়ে আসছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কান্নাকাটি আর নালিশে ব্যস্ত।

সহায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে কি কোনো সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানে আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাইব সংবিধান অনুযায়ী একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, অ্যাকসেপ্টবল ইলেকশন করবে বারবার বলে আসছি।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারেফ হোসেন প্রমুখ।

এমবি