শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় হামলা চালায়, বাধা সৃষ্টি করে। পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় প্রতিপক্ষ জামায়াত প্রার্থীর প্রচার অভিযানে গুলি চালাচ্ছে।

পুলিশের সামনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, জামায়াতে ইসলামী বারবার দাবি জানিয়েছে—প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে। দলীয়করণের কারণেই সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।

ড. হেলাল উদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম। কিন্তু বিগত সময়ে যারা ক্ষমতায় থেকেছে তারা মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এখন তারা নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে উল্লেখ করে তিনি বলেন, “তারা ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাস ছাড়া কিছুই করবে না।”

তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, যারা অতীতে ক্ষমতায় ছিল তারা আবার ভোট চাইতে এলে প্রথমেই জিজ্ঞেস করতে হবে—“ক্ষমতায় থাকাকালে জনগণের জন্য কী করেছেন?” এই প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. হেলাল বলেন, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় যায়নি। কিন্তু জনগণের প্রয়োজনের সময় সব জায়গায় জামায়াত ছিল, আছে, থাকবে। তিনি জানান, জামায়াতের এক দফা অঙ্গীকার—ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

তিনি উপস্থিতদের আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমলাপুর শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। সবার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এর আগে মতিঝিল উত্তর থানা আয়োজিত “ড. হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন করেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। মতিঝিল টিএনটি কলোনী মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন থানা আমীর এসএম শামসুল বারী এবং পরিচালনা করেন থানা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম। পাশাপাশি থানা কর্মপরিষদ সদস্য হাফিজুল্লাহ খান, আলমগীর হোসেন আকাশ, হুমায়ুন কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএইচ