বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয় হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জমান নূর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।
আলোচনায় মন্ত্রী বলেন, ‘এই চোখের (বঙ্গবন্ধু) দিকে তাকালে কোনো কর্মীর পক্ষে অপরাধ করা সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে। এ বিশ্বাস থেকে যদি আমরা বিচ্যুত হই, চোখ সরিয়ে নেই ওই (বঙ্গবন্ধু) চোখ থেকে, আমাদের পরাজয় অবশ্যম্ভাবী।
এসময় যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, আমরা জয়ী হতে চাই। তাই বঙ্গবন্ধু ও শেখ কামালের আদর্শগুলো আমাদেরকে বেশি অনুসরণ করতে হবে।
প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে দেশের অগ্রগতি হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জমান নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস দূর করতে যুদ্ধ করছেন। এই যুদ্ধে আমাদেরকেও সহযাত্রী হতে হবে। এর মাধ্যমেই দেশ আরো এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ কামাল মানুষের কথা শুনতেন, মর্যাদা দিতেন। সবাইকে নিয়ে একসেঙ্গ কাজ করতেন। এখন তার মত রাজনীতিকের অনেক অভাব। যুবলীগ চেয়ারম্যান হওয়ার পর আমি তার এই আদর্শ অনুসরণ করেছি। জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে একসঙ্গে কাজ করছি। সকল পর্যায়ের নেতা-কর্মীদেরও তাকে অনুসরণ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আনিসুরন রহমান, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, উপ সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ।
এর আগে সকল ৮ টায় আবাহনী ক্রীড়াচক্র মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ। এছাড়াও সকাল ৯টায় বনানীতে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করে সংগঠনটি।
ইআর





