জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার দলন-পীড়ন চালিয়ে বিরোধী দল নির্মূল করে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনো সফল হতে দেবে না বরং সরকারের দলন-পীড়ন, অপরাজনীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।
তিনি সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী বিমানবন্দর থানা আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
থানা আমীর মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাডভোকেট ইব্রাহিম খলিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ইবনে কারীম আহমদ মিঠু ও মহানগরীর মজলিশে শুরা সদস্য এ এইচ এম আতিকুর রহমান। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাকবুল আহমদ, আলফাজ উদ্দীন ভূঁইয়া ও আবুল হাসেম প্রমূখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার জুলুম-নির্যাতন, অপশাসন-দুঃশাসন ও দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতার কারণে গণবিচ্ছিন্ন এখন গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। মূলত তাদের পায়ের তলায় এখন মাটি নেই। সরকার আসন্ন সরকার পতন আন্দোলন দমন ও বিরোধী শিবিরে আতংক সৃষ্টির জন্যই সারা দেশে জনপ্রিয় বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে।
তিনি আরও বলেন, ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণের কোন বিকল্প নেই। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হবে। সকল প্রকার বৈষয়িক বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আন্দোলনের কাজ এগিয়ে নিতে হবে। ত্যাগ ও কোরবানীর মানসিকতায় সকলকে ময়দানে কাজ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে রুকনদেরকে ময়দানে একনিষ্ঠভাবে কাজ করার আহবান জানান।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





