আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “মির্জা ফখরুল সাহেবের কথায় তার দলের নেতাকর্মীরাই সাড়া দেয় না। তার মুখে গণআন্দোলনের ডাক শোভা পায় না।”

শনিবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “ফখরুল সাহেব যুবদল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী আর কিছু টোকাই নিয়ে যে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন, তা হাস্যকর। এই কথা তারা গত সাড়ে ১২ বছর ধরে বলে আসছেন। আসল কথা হচ্ছে, মির্জা ফখরুল সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেয় না।”

“আওয়ামী লীগ ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে” মির্জা ফখরুলের এই মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র বিদ্যমান। জাতীয় সংসদে বিএনপিসহ বহুদলের প্রতিনিধিত্ব রয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজেই সকাল-বিকাল সরকারের বিরুদ্ধে যথেচ্ছ সমালোচনা করছেন। এ থেকে প্রমাণ হয় দেশে গণতন্ত্র রয়েছে, বাকস্বাধীনতাও রয়েছে।”

এমবি