কোটচাঁদপুরের জামায়াতে ইসলামীর সমর্থিত তিন জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এ প্রতিবাদ জানান।

জামায়াত সেক্রেটারি বলেন, কোটচাঁদপুর উপজেলার বালুহর ইউপি চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান আজগর আলীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ নেই। রাজনৈতিকভাবে হয়রাণী করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি ইউপি চেয়ারম্যানগণও সরকারের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না।

অপরদিকে, পুলিশ সাতকানিয়া উপজেলার কাঞ্চন ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী কামাল উদ্দিনকে অন্যায়ভাবে গুলি করে আহত করেছে। পুলিশের উপর হামলার যে অভিযোগ কামাল উদ্দিনের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তাকে অস্ত্রসহ গ্রেফতারের প্রশ্নই আসে না।

কামাল উদ্দিনকে গুলি করে আহত করার ঘটনার সাথে জড়িত পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে গ্রেফতারকৃত তিন জন ইউপি চেয়ারম্যানকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান ডা. শফিকুর রহমান।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই