জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মসজিদে নামাজে প্রশাসন বাধা দিবে, আজানের ওপর বিধিনিষেধের কথা শুনতে হবে, এটা গোটা জাতির জন্য লজ্জা। এ লজ্জা বাংলাদেশ ঢাকবে কী দিয়ে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর সাহিত্য পরিষদ হলে রংপুর জেলা জাগপা আয়োজিত ইফতার-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর জেলা জাগপার সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান স্যান্ডোর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কারারুদ্ধ বিএনপি নেতা রুবেল ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের জননী বেগম আখতার বানু।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আডভোকেট আফতাব উদ্দিন, এ্যাডভোকেট শফি কামাল, খেলাফত মজলিশের আবু তৈয়ব মন্ডল প্রমুখ।
প্রধান বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মসজিদে নামাজে প্রশাসন বাধা দিবে আজানের ওপর বিধিনিষেধের কথা শুনতে হবে- এ লজ্জা বাংলাদেশ ঢাকবে কী দিয়ে।
পবিত্র মাহে রমজানে কথিত সাঁড়াশি অভিযানের নামে হাজার হাজার মানুষকে গ্রেফতার, পঙ্গু ও হত্যা করা হলো। এ মাসে আল্লাহর জাহান্নামের দরজা বন্ধ করলেও লীগশাহী জুলুম ও খুন খারাবির হাজার দরজা খুলে দিয়েছে।
দুঃখী মানুষ শান্তিতে সেহরি ও ইফতার করতে পারে নাই। এরা খোদার ওপরেও খবরদারি করা ঔদ্ধত্য দেখায়। এর পরিনাম কত ভয়াবহ হতে পারে দেশ ও দুনিয়া তা দেখবে ইনশাল্লাহ।
তিনি বলেন, এবারের সংগ্রাম, আজাদি গণতন্ত্র ও ধর্মরক্ষা সংগ্রাম। মনে রাখবেন, জুলুমের বৃষ্টি বর্ষিত না হলে স্বাধীনতার বীজ অংকুরিত হয় না। দেশপ্রেমিক জনগণ গণতন্ত্র ধর্ম ও দেশ রক্ষার সংগ্রামে প্রস্তুতি নিন।
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, দেশ রক্ষায় মানুষ রক্ষায় গণতন্ত্র রক্ষায় সর্বোপরি সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদার জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে শরিক হতে হবে।
এসএম





