বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। তার অবস্থা সংকটাপন্ন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকালে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে গোলাম আযমকে দেখতে ট্রাইব্যুনালের জামায়াতের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আসাদ উদ্দিন হাসপাতালে যান।
এসময় গোলাম আযম তার রাজনৈতিক সহকর্মী ট্রাইব্যুনালের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাওলানা মতিউর রহমান নিজামী ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা জানতে চান।
অ্যাডভোকেট আসাদ উদ্দিন জানান, হাসপাতালে গোলাম আযমের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার আগেই তিনি আমাদের কাছে তার মামলার আপিলের সর্বশেষ অবস্থা, নিজামী, সাঈদীসহ অন্যান্য নেতা এবং জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে চান।
তিনি জামায়াত নেতাদের মামলার রায় সম্পর্কেও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে উত্তর জানার চেষ্টা করেন।
আসাদ উদ্দিন বলেন, এক পর্যায়ে গোলাম আযম তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমীকে আগামী ঈদে কয়েকজন মানুষকে সহযোগিতা করার কথা বলেন।
আসাদ উদ্দিন আরও বলেন, গোলাম আযম এসময় বলেন, যে অপরাধে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, তা কস্মিনকালেও ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নয়।
২০১৩ সালের ১৫ জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





