আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও সাঈদ খোকন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী এই দুইজন ফরম জমা দেন।

দুপুরে মনোনয়ন ফরম জমা দেন ঢাকা উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। এর আগে বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম জমা দেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ডিএনসিসি’র মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা সাইফুদ্দিন ইমন।

আর ডিএসসিসি’র মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের বর্তমান দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।

এছাড়া এদিন বিকালে উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমবি