দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার স্মরণে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিক এবিএম মূসার মৃত্যুর পর সরকারের আচরণের নিন্দা করে তিনি আরো বলেন,‘এবিএম মূসা সাহেব বঙ্গবন্ধুর সঙ্গে থেকে রাজনীতি করেছেন। তিনি জাতীয় সংসদের একজন সদস্যও ছিলেন। তার মত একজন সাংবাদিকের মৃত্যুর পর সরকার এবং আওয়ামী লীগ যে আচরণ করেছে তা কোনো সভ্য দেশের সভ্য সরকারের করার কথা না।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের  প্রেস সচিব মারুফ কামাল খান বলেন,‘আজকে আমাদের বিচার বিভাগ এক দলীয় থাবার নিচে পিষ্ট হচ্ছে। এই দেশে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের আর কোন সুযোগ নাই। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ সীমিত হয়ে গেছে। মানুষে মধ্যে যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আওয়ামী লীগ এই দর্শনে বিশ্বাস করে না।’
জাসাস ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি জাহঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ বিষয়ক  সম্পাদক  আব্দুস সালাম,সাংবাদিক ও একুশে পদক প্রাপ্ত ছড়াকার আবু ছালেহ, বিশিষ্ঠ কণ্ঠশিল্পী মনির খানসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।  
[b]ঢাকা, এমএইচ, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]