বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যকে ‘মাছের মায়ের পুত্র শোক’ বলে অভিহিত করে ওয়ার্কার্স পার্টি বলেছে, যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সুন্দরবন রক্ষার প্রশ্নে দেশবাসী সোচ্চার তখন অন্যসব ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়ে তারা এখন ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে।

আজ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে তাদের ঘৃন্য রাজনৈতিক লক্ষ্য পুরণই এর উদ্দেশ্য।

"সুন্দরবনসহ দেশের তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষার জন্য তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যে দাবি তুলে ধরেছে সে বিষয়ে বিএনপি এ যাবতকাল কোন কথাই বলেনি। বরং তাদের ক্ষমতার সময় দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সম্পূর্ণ অবৈধ পন্থায় এশিয়া এনার্জীর হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রই তারা লিপ্ত ছিল। সে সময় তারা ছয়জন প্রতিবাদকারীকে হত্যা করেছে। বিবিয়ানার গ্যাস ক্ষেত্র থেকে পাইপ লাইনে ভারতে গ্যাস রপ্তানির চক্রান্ত বাস্তবায়নে চরম প্রচেষ্টা চালিয়েছে।"

"ওয়ার্কার্স পার্টি সুস্পষ্টভাবে বলতে চায় সুন্দরবন বাংলাদেশের জাতীয় সম্পদ। তার সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে তার প্রতিক্রিয়ায় সুন্দরবনের পরিবেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবেনা কেবল, এর সাথে সাথে ঐ এলাকায় যে শিল্প-কারখানা গড়ে উঠবে তাতে সুন্দরবনের আরও বড় ক্ষতি সাধন হবে।"

ওয়ার্কার্স পার্টি আশা করে, পরিবেশের বিশেষ করে সুন্দরবনের ক্ষতি সাধন হয় এমন কাজ এই সরকার করবে না। দেশের বিদ্যুতের প্রয়োজন মেটাতে এবং শিল্প কারখানা গড়ে তুলতে রামপালের স্থলে সুন্দরবন থেকে দুরবর্তী অঞ্চলে ঐ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে দলটি।

ইআর/ এআই