জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করবেন। সেই সঙ্গে কামারুজ্জামানের পরিবারের সদস্যরাও দেখা করবেন বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া ছেলে হাসান ইকবাল বাবার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। আর পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সিনিয়র জেল সুপার ফরমান আলীও নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছেন। বিষয়টি জেল সুপার ফরমান আলী জানিয়েছেন। কামারুজ্জামানের ইচ্ছা অনুযায়ী তিনি যা করতে বলবেন, তাই করা হবে।
এদিকে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেন, আইনজীবীরা দেখা করার পর তাদের সঙ্গে পরামর্শ করে আমরা পরিবারের সদস্যরা দেখা করব। আমি, আমার মা, ভাইবোন ও মামা মনোয়ার হোসেনসহ পাঁচ বা ছয়জন দেখা করতে যাব।
তিনি আরো বলেন, প্রতিমাসে একবার আমরা বাবার সঙ্গে দেখা করি। গত ৩১ জানুয়ারি সবশেষ বাবার সঙ্গে দেখা করেছিলাম। সে অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি সাক্ষাতের কথা ছিল। কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় পর এবার দেখা করতে যাচ্ছি।
অন্যদিকে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট মো. শিশির মনির জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় কামারুজ্জামানের সঙ্গে পাঁজজন আইনজীবী দেখা করবেন। তারা হলেন- অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মো. শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মহসিনুল আলম ও ব্যারিস্টার মতিউর রহমান আকন্দ।
আইনজীবীরা আপিল বিভাগের লিখিত রায়, রিভিউ আবেদন দায়ের ও আইনগত বিষয় সম্পর্কে কামারুজ্জামানের সঙ্গে পরামর্শ করবেন বলে জানান তিনি।
গত ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুহম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ চারজন কামারুজামানের কনডেম সেলে গিয়ে পরোয়ানা পড়ে শোনান। কামারুজ্জামান তাদের কাছে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের কথা বলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দেন। এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। তারও আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ইআর





