হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকেও আসামি করা হয়েছে। বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত রেজাউল নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। তার বিস্তারিত পরিচয় যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।
এমএম





