গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ শতাংশ হারে এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ হারে বাড়িয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বাসা-বাড়ীতে একচুলা ব্যবহারকারীদের প্রতিমাসে গ্যাসের মূল্য বাবদ ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের প্রতিমাসে গ্যাসের মূল্য বাবদ ৬৫০ টাকা পরিশোধ করতে হবে।
বর্তমানে একচুলা ব্যবহারকারীদের গ্যাসের মূল্যবাবদ ৪০০ টাকা এবং দুইচুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা পরিশোধ করতে হচ্ছে। এক চুলা হতদরিদ্র লোকেরাই ব্যবহার করে থাকে। এক চুলা ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম বৃদ্ধি করা হয়েছে শতকরা ৫০ ভাগ। এটা শুধু অযৌক্তিকই নয়, অমানবিকও বটে।
গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত দেশের দরিদ্র জনগণের উপর মরার উপর খাড়ার ঘায়ের শামিল। আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের মূল্য অস্বাভাবিকভাবে কমে গিয়েছে, সেখানে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোন যুক্তি নেই। বর্তমান সরকারের এই সাড়ে ছয় বছরের শাসনামলে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে ৮ বার এবং গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে ৩ বার।
গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে জনগণের দুঃখ ও দুর্দশা আরো বাড়বে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরো বৃদ্ধি পাবে। সকল পণ্যের পরিবহন খরচ ও উৎপাদন খরচ বাড়বে। বাড়ীভাড়া, যানবাহনের ভাড়া বৃদ্ধি পাবে। ফলে মানুষের জীবন যাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বাড়বে। কৃষক, শ্রমিক, চাকরিজীবীসহ সীমিত আয়ের লোকদের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়বে।
বর্তমান সরকার জনগণের নির্বাচিত নয়। কাজেই দেশের জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। জনগণের সুখ-শান্তির কথা সরকার মোটেই চিন্তা করে না। সরকার লুটপাট ও গদী রক্ষায় ব্যস্ত। বর্তমান গণবিরোধী সরকার জনগণের দুর্ভোগ বাড়িয়ে নিজেরা ভোগ-বিলাস করে ক্ষমতায় থাকতে চায়। এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবানজানাচ্ছি।
দেশের দরিদ্র জনগণের স্বার্থের কথা চিন্তা করে গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবানজানাচ্ছি।
এআর





