অশান্ত এই পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূল স:-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী স: উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’২২-এ ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আমির মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ শাহিনুর ইসলাম, সহকারী সেক্রেটারী এ বি এম কামাল হোসাইন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি দেওয়ান শহিদুজ্জামান প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামের পথচলা কখনোই নির্বিঘ্ন হয়নি। এ পথে নানাবিধ প্রতিকূলতা, জুলুম-নির্যাতন ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়েই ইসলামের বিজয় সুনিশ্চিত হয়েছে। সেই ধারাবাহিতায় আমাদের দেশেও ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যতন ও দমন-পীড়ন চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাতিলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পৃথিবীতে রাসূল স:-এর আদর্শ বাস্তবায়নে ময়দানে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করতে হবে। তবেই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল মান্নান বলেন, মাত্রাতিরিক্ত অবক্ষয় আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে রীতিমত বিপর্যস্ত করে তুলেছে। তাই এই অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আনতে হলে সকলকে কুরআন ও সুন্নাহ আদর্শ অনুসরণ করতে হবে। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে বেগবান করার জন্য সকলকে ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

মাওলানা আবদুল জাব্বার বলেন, মূল্যবোধের বিচ্যুতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দ্বীনি ও নৈতিক শিক্ষার অভাবে আমাদের নতুন প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। জাতীয় পাঠ্য বইয়ে ন্যূনতম ইসলামী শিক্ষা যা ছিল তাও নির্বাসনে পাঠানো হয়েছে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রেই ইসলামী আদর্শের অনুসরণ করতে হবে। তিনি ইসলামের পতাকা সমুন্নত করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস