সরকার জনগণের শান্তিপূর্ণ আন্দোলন ফ্যাসিবাদী কায়দায় দমন করার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।

বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, সরকার বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসনের সমাধি রচনা করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটাতে চায়।

তিনি বলেন, সরকার জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করার জন্য নির্বিচারে মানুষকে হত্যা করছে এবং মানুষের বাড়ি-ঘরেহামলা, ভাংচুর ও লুটতরাজ চালাচ্ছে। সরকারের এ ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে দেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছে।

বিবৃতিতে তিনি বলেন, বুধবার সরকার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এই গ্রেফতার ও জুলুম-নির্যাতন বন্ধের জন্য তিনি আহ্বান জানান।

২০ দলীয় জোটের ঘোষিত গণঅবরোধ, হরতাল, মিছিলসহ সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রেখে সন্ত্রাসী সরকারের অবিলম্বে পতন ঘটানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

কেএইচ