বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন বিএনপিকে বর্জন করা শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, আপনি (খালেদা জিয়া) রাজনীতির ব্যাকরণ বুঝে কর্মসূচী দিন। এখন তো জামায়াতও বিএনপিকে বর্জন করতে শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। আজ আজহারের ফাঁসি হয়েছে।

তিনি আরও বলেন, আপনি (খালেদা জিয়া) ইস্যু হারিয়ে ফেলেছেন। আপনার ছেলেকে দিয়ে যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করাচ্ছেন এটা আপনার দলের অনেক নেতারাও গ্রহণ করছেন না। আপনার ছেলের কারণে সবাই আপনাকে প্রত্যাখান করেছে।

তিনি বলেন, সোমবার ২০ দলীয় জোটের ডাকা হরতাল ছিল হাস্যকর। কারণ যেভাবে গাড়ি-ঘোড়া চলেছে তাতে বিএনপির হরতাল পর্বতের মূসিক প্রসব ছাড়া আর কিছু নয়। নোয়াখালীতে একজন শিক্ষিকাকে ঢিল মেরে হত্যা করেছে বিএনপি কর্মীরা। এর দায় খালেদাকেই নিতে হবে।

ঢাকা- ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বাংলাদেশে সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।

এমআর, জেএ