সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে ওমরা পালন করতে শনিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অ্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইট ইকে-৫৮৫ শনিবার রাত ৯টা ১০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। দীর্ঘ প্রায় সাড়ে ৪ বছর পর দুবাইয়ের আন্তজার্তিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত ঘটে। এসময় সেখানে বেশ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

খালেদা জিয়া ঢাকা থেকে দুবাইয়ের স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ৫৫ মিনিটে) পৌঁছান। সেখানে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে আগেই পৌছে মায়ের জন্য অপেক্ষায় ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও তারেকের মেয়ে জায়মা রহমান। তিনি দুবাইতে ৮ ঘণ্টার যাত্রা বিরতিতে মায়ের অপেক্ষায় ছিলেন। খালেদা জিয়া দুবাইতে দুই ঘণ্টা যাত্রা বিরতি শেষে ছেলে তারেকসহ অন্যান্যদের নিয়ে স্থানীয় সময় রাত ১টা ৫৫ মিনিটে সরাসরি মদীনা মনোয়ার উদ্দেশে রওনা করেন।

তারেক রহমান লন্ডন থেকে দুবাইতে পৌঁছলে তাকে ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানান বিএনপির দুবাই শাখা সভাপতি মো. জাকির হোসেন ও যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাতার বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক সাজুসহ গালফের বিএনপি নেতারা। তারেক রহমান এ সব নেতাদের সঙ্গে বিমান বন্দরেই স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে ইফতার করেন।

যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মদিনার স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে পৌঁছাবেন। সেখানে সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সাজু জানান, খালেদা জিয়া মদীনাতে টানা ৭দিন অবস্থান করবেন। এরপর দুই দিনের জন্য তিনি মক্কায় যাবেন। মদিনা ও মক্কায় তিনি ও তার পরিবারের সদস্যরা সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে রয়েল প্যালেসে অবস্থান করবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া ও সৌদি বাদশার মধ্যে বৈঠকের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়াও ওই সময়ের মধ্যে সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে যাবেন পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীরা। খালেদা জিয়া ওই দুই প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সৌদি আরবে মা-ছেলের সাক্ষাতে ঈদের পর সরকারবিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কীভাবে আন্দোলন এগিয়ে নেওয়া যায় এবং সফল হওয়া যায় সে ব্যাপারে দলীয় প্রধান ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ঢাকা, ২০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//কেএ