১লা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ বাংলা শুভ নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।

মকবুল আহমাদ বলেন, "১লা বৈশাখ ঐতিহ্যবাহী বাংলা শুভ নববর্ষের প্রথম দিন। আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ এ দিনটি উৎসবের সাথে পালন করে আসছে। ১লা বৈশাখ বাংলাদেশের মানুষের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।"

তিনি বলেন, এমন এক সময় ১লা বৈশাখ শুভ নববর্ষ আমাদের সামনে উপস্থিত হয়েছে, যখন দেশে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। জনগণ আজ উন্মুক্ত পরিবেশে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত।

অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সরকার সামাজিক অনুষ্ঠান থেকেও সাধারণ মানুষকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এমনই এক ভীতিকর পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের প্রাচীনতম এই সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বাংলা নববর্ষ শুরু হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জনগণের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু আবহমান কাল থেকে চলে আসা আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর চলছে পদে পদে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, "আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, স্বস্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতি তাদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাক-এ কামনাই করছি।"

এমকে