দূর্গাপূজায় ৩ দিনের ছুটি এবং জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
মঙ্গলাবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শারদীয় দূর্গাপূজা হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায় এই উৎসবকে কেন্দ্র করে পিতা-মাতা, ভাই-বোন, আত্নীয়-স্বজনের সাথে মিলিত হওয়ার আশা পোষণ করেন। কিন্ত কর্মক্ষেত্রে ছুটি কম থাকায় সেভাবে মিলিত হতে পারেন না।
৫ দিনের দুর্গাপূজা অনুষ্ঠানের মধ্যে একদিন ছুটি আছে জানিয়ে নেতারা বলেন, একদিন ছুটি আছে, সেটাও দশমীতে। তাই দুর্গাপূজায় কমপক্ষে ৩ দিনের ছুটি নির্ধারণের জন্য সরকারের কাছি দাবি জানাই।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি মনোজ কুমার মন্ডলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মুখপাত্র পলাশ কান্দি দে, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মৃত্যুঞ্জয় রায়, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সমীর সরকার এবং ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক অখিল মন্ডল প্রমুখ।
বক্তরা আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সংবিধানের মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতা নীতি ও সকল সম্প্রদায়ের সমান সুযোগ লাভের বিষয়টি সন্নিবেশিত করলেও তা সংবিধানের কাগজের পাতাতেই সীমাবদ্ধ আছে।
তারা বলেন, সমান সুযোগ লাভের বিষয়টি বাস্তবায়ন দেখতে চায় হিন্দু সমাজ। তাই দুর্গাপূজায় ছুটি বাড়ানোসহ হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি।
একই সঙ্গে ১ সেপ্টেম্বরের মধ্যে হিন্দু সম্প্রদায়ের এসব দাবি পূরণ না হলে ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি, ৫ সেপ্টেম্বর সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে হিন্দু মহাজোটের অবস্থান ধর্মঘট, ১২ সেপ্টেম্বর দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা ও থানা শহরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেওয়া হবে বলেও ঘোষণা দেন সংগঠনের নেতারা।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





