আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এ বছরে হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ রোববার। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে এবার রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন হজযাত্রী কোটায় গেছেন।
মোট ১৬৭টি ফ্লাইটে তারা সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি, সৌদি এয়ারলাইন্সের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের পরিচালিত ১০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন।
এ পর্যন্ত ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন এরমধ্যে ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
এবিএস





