বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নামের মোবাইল ফোন নিয়ে আকাশপথে যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি নোট-৭ মোবাইল ফোন সেটের ব্যাটারি বিস্ফোরণে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, প্লেনে ওঠার পর স্যামসাং নোট ৭ এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠি সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ বিমানসহ ২৯টি এয়ারলাইন্সকে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আকাশপথে বিমানে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নিয়ে কেউ উঠতে পারবে না। বিভিন্ন দেশে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বেবিচক বাংলাদেশ বিমানসহ ২৯টি এয়ারলাইন্সকে এ বিষয়ে চিঠি দিয়েছে।’

যে ২৯টি এয়ারলাইন্স বরাবর চিঠি পাঠানো হয়েছে সেগুলো- বিমান বাংলাদেশ এযারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটরস, ইতিহাদ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, আরএকে এয়ারওয়েজ, ব্যাংকক এয়ারওয়েজ, মালায়েশিয়া এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ড্রাগন এয়ার, মালিন্দো এয়ার, ওমান এয়ার, টার্কিশ এয়ারওয়েজ, জেট এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মিহি লংকা, মালদিভিয়ান্স, ফ্লাই দুবাই, সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, ড্রুক এয়ার, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, টাইগার এয়ারওয়েজ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিমানে যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছিলো বেবিচক। ওই সময় একইভাবে ২৯টি এয়ারলাইন্সকে এ বিষয়ে অবহিত করা হয়।

সম্প্রতি বিমানের যাত্রীদের স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন বহন বা চার্জ না দেয়ার জন্য বলেছিলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা। সম্প্রতি চীনে স্যামসাংয়ের এই স্মার্টফোনটির ব্যাটারি বিস্ফোরণে ঘটে।

আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশন (আইএটিএ) বলেছে, এয়ারলাইনগুলো ঝুঁকি মূল্যায়ন করার পাশাপাশি অতীতে ব্যাটারি ইস্যুতে অন্যান্য মোবাইল ফোনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাও অবহিত হয়েছে।

এদিকে দক্ষিণ কোরীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় সদ্য বাজারে ছাড়া সব গ্যালাক্সি নোট ৭ ফোনসেট ক্রেতাদের ফেরত দিতে বলেছে।

এসএম