শীঘ্রই কর্মী ছাটাই করতে পারে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নমুরা সিকিউরিটিসের বিশ্লেষক রিক শেলান্ডের তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটি জুলাইয়ের ২২ তারিখ নিজেদের আয় সংক্রান্ত তথ্য প্রকাশের পাশাপাশি পাঁচ থেকে দশ শতাংশ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিতে পারেন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, কর্মী ছাটাইয়ের ব্যাপারে মাইক্রোসফট এখনও কিছু না জানালেও, বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই গুজব ছড়াচ্ছে।
বৃহস্পতিবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার প্রকাশিত এক বিবৃতির ভিত্তিতে গুজবটি সত্যে রূপান্তরিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নাদেলার ৩ হাজার একশ’ শব্দের ওই বিবৃতিতে ‘বড় মাপের পরিবর্তন আসছে’ -এই বার্তা রয়েছে বলে জানিয়েছে সিনেট।
আশংকা করা হচ্ছে কর্মী ছাটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়বে মাইক্রোসফট মালিকানাধীন নোকিয়া’র ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর উপর। এ প্রসঙ্গে অভিজ্ঞ মাইক্রোসফট পর্যবেক্ষক রিক শের্লান্ড জানিয়েছেন, নাদেলা ব্যবস্থাপনা স্তর কমানো, দায়িত্ব ঠিক করার মাধ্যমে নতুনত্ব বৃদ্ধি এবং প্রতিষ্ঠানিক পরিবর্তন আনতে ও প্রয়োগ করতে চাচ্ছেন।
শেলান্ডের অনুমান অনুসারে, শুধু নোকিয়া ক্ষেত্রে ২৫ শতাংশ খরচ কমালেই মাইক্রোসফটের প্রায় শত কোটি ডলার খরচ কমে আসবে। তবে ওই প্রতিবেদনের বিষয়ে মাইক্রোসফট কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলেই জানিয়েছে সিনেট।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





