স্মার্টফোন যুগের সূচনার পর থেকে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে একাধিকবার। তবে, ল্যাপটপ বিস্ফোরণের খবর প্রযুক্তি পণ্য ক্রেতাদের জন্য নতুন কিছু বৈকি!
প্রযুক্তিবিষয়ক সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাসিন্দা লরেটা লাফ। নিজের ডেল ইন্সপাইরন ল্যাপটপে ইমেইল চেক করছিলেন আর স্পাইডার সলিটেয়ার খেলছিলেন তিনি। হঠাৎ করেই বিস্ফোরিত হয় তার ল্যাপটপটি। বিস্ফোরণে ব্যাটারি প্যাক উড়ে যায় ঘরের আরেক মাথায়।
আগুন ধরে যায় লাফের শার্টে এবং চুলে। জ্বলন্ত ব্যাটারিতে পুরেছে লাফের পা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের বিভিন্ন আসবাবপত্র। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে স্থানীয় দমকল বাহিনীর চোখে ‘মূল সন্দেহভাজন’ ল্যাপটপটির ব্যাটারি।
তবে ওই ব্যাটারিটি ডেল অনুমোদিত নাও হতে পারে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইঙ্গিত করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
“ঘটনা তদন্তে ডেল অবশ্যই যথাযথ পদক্ষেপ নেবে। থার্ড পার্টি বা ‘ইনকম্প্যাটিবল’ ব্যাটারি ব্যবহারে বিস্ফোরণ বা আগুন লেগে যাওয়ার আশংকা বেড়ে যায় বলে ক্রেতাদের সবসময়ই সতর্ক করে দিয়ে থাকে ডেল।”-- এমনটাই বলা হয়েছে ডেলের আনুষ্ঠানিক বিবৃতিতে।
ল্যাপটপের ব্যাটারিটি বদলে নিয়েছিলেন বলে স্বীকার করেছেন লাফ। তবে বিস্ফোরিত ব্যাটারিটি ডেল অনুমোদিত ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





