ইকো-ম্যারাথনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি কোনো গাড়ি। গাড়ির জ্বালানী দক্ষতা নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘অভিযাত্রিক’। ফিলিপাইনস-এর ম্যানিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকো-ম্যারাথন ২০১৫-এর এশিয়া মহাদেশীয় ইভেন্ট। এ প্রতিযোগিতায় নিজেদের বানানো গাড়ির মডেল নিয়ে অংশগ্রহণ করে এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা।

জীবাশ্ম জ্বালানির আন্তর্জাতিক উৎপাদক প্রতিষ্ঠান শেল-এর আয়োজক।

প্রথমবারের মত বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের দল অভিযাত্রিকের সদস্যরা হলেন-হাসান ইমাম শুভ, তৌহিদুর রহমান, তমাল পাল শাওন, আব্দুল্লাহ মমিন চৌধুরী, মিনহাজুল আবেদীন আবির এবং আসিফ জাহিদুল হক। সবাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
অভিযাত্রিক এর বানানো গাড়ির নাম ‘বিডি-৭১’। অটোমোবাইল বিশ্বে বাংলাদেশের নাম এবং গৌরবময় স্বাধীনতাকে তুলে ধরতেই এই নাম রাখা হয়েছে বলে জানান অভিযাত্রিকের দলনেতা হাসান ইমাম শুভ।

এ বিষয়ে শুভ বলেন, “এই গাড়িতে প্রচলিত গাড়ির সব ফিচারই থাকছে। ১ লিটার তেলে ৫০ কিলোমিটার চলতে সক্ষম ‘বিডি-৭১’।” গাড়ির সর্বশেষ সংস্করণে ১ লিটার তেলে ১০০ কিলোমিটার চলার ক্ষমতা যোগ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শুভ। সর্বশেষ সংস্করণ বাজারজাত করা হলে, সেটার উৎপাদন খরচ ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে রাখা যাবে বলে জানান তিনি।


প্রায় দেড় বছরের চেষ্টায় বানানো ‘বিডি-৭১’ নিয়ে দলটির আশা, পরবর্তীতে কোন বাংলাদেশি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে বাংলাদেশে এই শিল্পে উন্নয়নের অংশীদার হতে পারবেন তারা। সেই সঙ্গে সামনের বছরগুলোতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রতিযোগী ‘ইকো-ম্যারাথনে’ অংশ নেবে বলে আশা করছেন ‘অভিযাত্রিক’ দলের সদস্যরা।
অভিযাত্রিক ইতোমধ্যে প্রতিযোগিতার ১ম ধাপ পার করেছে। পরবর্তী ধাপের জন্য জমা দেয়া হয়েছে গাড়ির নকশা ও বিস্তারিত বিবরণ। উত্তীর্ণ হলে ডাক মিলবে, ১৭ সেপ্টেম্বর ম্যানিলায় মূলপর্বে অংশগ্রহণের।

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও অভিযাত্রিকের পরামর্শক জুবায়ের হোসেন প্রতিযোগিতায় ‘বিডি-৭১’ প্রথম সারিতেই থাকবে বলে আশা প্রকাশ করেন। তবে তাদের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আর্থিক সাহায্য প্রয়োজন বলে জানান তিনি।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই