ছেলে তার মাকে কবর দিয়েছিল জ্যান্ত। আর তিন দিন পর সে কবর থেকেই উঠে এলেন মা।

মাটি সরিয়ে জ্যান্ত মানুষ উঠে আসার ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা গেল, ছেলে মাকে হত্যা করতেই জ্যান্ত কবর দিয়েছিল।

তবে তিন দিন মাটির তলায় থেকেও প্রাণ হারাননি ওই নারী। কোনোমতে শেষ মুহূর্তে জীবন বাঁচিয়ে মাটি সরিয়ে উঠে এসেছেন। পরে ক্ষীণ স্বরে সাহায্যের আহ্বান জানালে উদ্ধার করা হয় তাঁকে। চীনের শাংসি প্রদেশের এ ঘটনায় অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন।

অভিযুক্ত ছেলের স্ত্রী জানিয়েছেন, তাঁর শাশুড়িকে নিয়ে স্বামী গত ২ মে হঠাৎ উধাও হয়ে যায়। তিন দিন শাশুড়ি বাড়িতে ফিরছেন না দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তারপরই প্রকাশ্যে আসে এ ঘটনা। আপাতত অভিযুক্ত ছেলেকে পুলিশ আটক করেছে। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই নারী আংশিক পঙ্গু ছিলেন। একা চলার ক্ষমতা ছিল না তাঁর। এ পরিস্থিতিতে ছেলে চলৎশক্তিহীন মাকে দেখভাল করতে করতে অধৈর্য হয়ে পড়েছিল। তাই মাকে মেরে ফেলতে চেয়েছিল। ছেলের বয়স ৫৮। আর ৭৯ বছরের মায়ের প্রতি ছেলে এমন ব্যবহার কী করে করল, তা ভেবে পাচ্ছেন না এলাকার বাসিন্দারা।

এএস