এদিকে শুক্রবার রাতে যশোরে রুম্মান নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়। অপদিকে রাজধানীর শাহবাগে গতকাল শনিবার কথা কাটাকাটির জেরে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছেন এক রিকশাচালক। এরআগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে ফেসবুক পোস্টে কমেন্টের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। ঢাকায় টিপু ও প্রীতি হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুনখারবি ও সংঘর্ষের ঘটনা বেড়েছে। একের পর এক নৃশংস খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। যদিও চাঞ্চল্যকর কয়েকটি ঘটনার ক্লু বের করতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিননী। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও থেমে নেই নৃশংসতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সার্বিক দিক বিবেচনা করলে দেশে অপরাধ প্রবণতা অনেকটা কমেছে।

খিলগাঁওয়ে সামিয়া আফরিন প্রীতির বাবা শোকে স্তব্ধ হয়ে গেছেন। াতান বলেছেন- মেয়ে হত্যার ‘বিচার চাই না। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। কার শাস্তি চাইব? বিচার নাই, বিচার কার কাছে চাইব?’ মেয়ে হত্যার পর এভাবেই ক্ষোভ, প্রতিবাদ আর হতাশা প্রকাশ করেছেন। দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী প্রীতির শান্তিবাগের বাসায় চলছে শোকের মাতম। মেয়ে হারানোর শোকে পাগলপ্রায় প্রীতির বাবা জামাল উদ্দিন ও মা হোসনে আরা।

যানজটে আটকে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় পাশের রিকশায় থাকা সামিয়ার শরীরেও গুলি লাগে। রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন প্রীতি। অকৃতকার্য হওয়ায় আবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার ছোট ভাই এবার এসএসসি পরীক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে আট বিভাগে ২০২১ সালে ১৬৬টি খুনের ঘটনা ঘটেছে। যা আগের বছরের চেয়ে ৫৩টি কম। তবে বাস্তব চিত্র এর চেয়ে অনেক বেশি হবে বলে অনেকেই বলছেন। পুলিশ বলছে, গত বছর রাজধানীতে কোনো রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি। এরআগে ২০২১ সালে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১ হাজার ৬৮২টি মামলা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৯০টি কম। গত বছর যে ১৬৬টি খুনের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৩৫টি হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগে, ২৬টি মিরপুরে, ২৪টি গুলশানে, ১৯টি মতিঝিলে, ১৭টি করে উত্তরা ও তেজগাঁওয়ে, লালবাগে ১৫টি এবং রমনায় ১৩টি  বলে জানিয়েছে ডিএমপি। এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যানে বলা হয়, ২০২১ সালে সারাদেশে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৬৪০ জন, যার মধ্যে নির্যাতনের কারণে মারা যান ৩৭২ জন, আত্মহত্যা করেন ১৪২ জন। ২০২১ সালে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ২১০ নারী।

জানা গেছে, যশোর শহরে ‘প্রতিপক্ষের’ ছুরিকাঘাতে যুবলীগের কর্মী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলায় এ ঘটনা ঘটে বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন। নিহত রুম্মন (৩১) শহরের পুরাতন কসবা টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারীর ছেলে। ওই ঘটনায় শাকিল নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে। পুলিশ সুপার বলেন, ‘ছুরিকাঘাতে আহত রুম্মন ও শাকিলকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে রুম্মনের মৃত্যু হয়। শাকিল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছুরিকাঘাতে আহত শাকিলছুরিকাঘাতে আহত শাকিলরুম্মনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা, চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে বলে জানান তিনি। স্থানীয়দের বরাতে যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, রুম্মন দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। জড়িতদের আটকে অভিযান চলছে। জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও স্থানীয় পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন বলেন, হতাহত ও হামলাকারী দুজনেই যুবলীগ কর্মী।

এরআগে ফেসবুক পোস্টে কমেন্টের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে গত ১৩ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন-কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের মো. নাঈম (১৯), ফারুক হোসেন (২০) ও রবিন (১৫)। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, শীতলক্ষ্যা নদীর নরসিংদীর পার এলাকার একজন ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন।

শীতলক্ষ্যা নদীর অপর পারে গাজীপুরের কাপাসিয়া প্রান্তের কয়েক যুবক সেই পোস্টের বিরোধিতা করে সেখানে কমেন্ট করেন। এর জেরে রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের যুবকেরা কাপাসিয়ার আড়াল গ্রামের এমপিএম অ্যাপারেলস কারখানার পাশে জড়ো হয়ে বাগ্বিতÐায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাত ও হামলার ঘটনায় কমপক্ষে ৮ থেকে ১০ জন আহত হন।

গত ২১ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর দূর সম্পর্কের ভাইয়ের ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে এক যুবক খুন হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টায় মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী মিলন জানান, রায়ের বাজার আজিজ খান রোড রাতে আমিরকে কবির ও হুমায়ুন নামে দুইজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।