ট্রেনে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং প্রবেশ ও বহিরাগমন গেটগুলোতে টিকেট চেকিংয়ের জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পিওএস মেশিন কেনারও উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব কথা জানানো হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ওই সভা হয়।কমিটি সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও ইয়াসিন আলী সভায় অংশগ্রহণ করেন।

সভায় রেলওয়ের ৭০টি লোকোমোটিভ কেনার সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের (প্রকৌশল, মেকানিক্যাল, ট্রাফিক ইত্যাদি) বিগত তিন বছরের ক্রয় পরিকল্পনা ও প্রকৃত ক্রয়ের ওপর প্রতিবেদন উপস্থাপন, চট্টগ্রামে নতুন কন্টেইনার ইয়ার্ড এবং ঢাকার আইসিডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, ১০০টি রেল স্টেশনের আধুনিকায়নসহ যাত্রীদের প্রবেশ ও বহিরাগমন নিয়ন্ত্রণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যাত্রীরা পাঞ্চিং মেশিনের মাধ্যমে স্টেশনে প্রবেশ ও বের হতে পারবে।সভায় রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীসেবার বাইরে অন্য কোনো কাজে মাইকিং যেন না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

এ ছাড়াও সভায় দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষার জন্য যে দুই শিশু সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে পুরস্কৃত করার বিষয়ে রেল মন্ত্রণালয় কমিটিকে অবহিত করে।রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এমআর