স্রষ্টার সৃষ্টি মানুষকে ভালবেসেই মাদার তেরেসা সেইন্ট বা ঈশ্বরের দূত হয়েছেন। ঈশ্বরের কাছে ভাল হতে হলে, তার কাছ থেকে পুরষ্কার পেতে হলে তার সৃষ্টিকে ভালবাসতে হবে। তার সৃষ্টিকে ঘৃণা করে কেউ স্বর্গে যেতে পারবে না।

রোমান ক্যাথলিক চার্চ পপ ফ্রান্সিস কতৃক মাদার তেরেসার সেইন্ট ঘোষণার পর এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের মাদার তেরাসা চ্যারিটেবল সোসাইটির দ্বিতীয় প্রধান সিস্টার এসব কথা বলেন।

তিনি বলেন, মরে যাবার পর ঈশ্বর কাউকে জিজ্ঞেস করবেন না তুমি আমার জন্য কয়জনকে হত্যা করেছো। তিনি শুধু জিজ্ঞেস করবেন আমার কতজন সৃষ্টিকে তুমি ভালবেসেছো। মাদার তেরেসা ঈশ্বরের সৃষ্টির সেবা করেছেন বলেই তিনি দুনিয়াতেই পুরষ্কৃত হয়েছেন এবং এখন মারা যাওয়ার পরও সম্মানিত হচ্ছেন।

মাদার তেরেসাকে সেইন্ট ঘোষণা করায় বাংলাদেশে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট উভয় সম্প্রদায়ের খৃষ্টানরাই খুশি।

এ বিষয়ে বাংলাদেশের খৃস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেছেন, আমি একজন প্রটেস্ট্যান্ট খিস্টান, মাদার তেরেসা ছিলেন ক্যাথলিক। কিন্তু আমরা সার্বজনিন ভাবেই তাকে সম্মান এবং শ্রদ্ধা করি। তাকে সেইন্ট ঘোষণা করা হয়েছে তাতে আমরা খুশি।

মাদার তেরেসা সেইন্ট হওয়াতে কোন অনুষ্ঠানের আয়োজন করা হবে কি না এ বিষয়ে তিনি বলেন, আমরা ভারতের দিকে তাকিয়ে আছি, কারণ মাদার তেরেসার কর্মস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গে। তাদের অনুষ্ঠানের ধরণ দেখে আমরা কিছু করার চেষ্টা করবো। তবে আপাতত গীর্জাগুলোতে আগামী ১০ সেপ্টেম্বর বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইআর