৬০ হাজার টাকার ঋণ শোধ করতে কেবল সুদ’ই দিয়েছেন প্রায় ১ লাখ টাকা। এখনো আসল টাকা বাকি’ই আছে। তাইতো বাইসাইকেল নিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজছাত্র সুজন বিশ্বাস।
বাবার আর্থিক সমস্যার কারণে ২০১২ সালে স্থানীয় এক মহাজনের কাছ থেকে সুদের উপরে ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন তিনি।
সুজন বিশ্বাস তার বাইসাইকেলটি নৌকার নকশায় সাজিয়ে, বুকে লাল সবুজের জামা পরে তাতে চেপে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জের জয়নগর গ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করেন।
ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক দিয়েই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় যাবেন বলে জানা গেছে। জনমত তৈরি করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করতে চান। তিনি দাবি জানাবেন সারা বাংলাদেশ থেকে যেন সুদ প্রথা বন্ধ করা হয়।
সুজন বিশ্বাস বলেন, দেশের প্রত্যেকটি গ্রামে কিছু ব্যক্তি সুদের বিনিময়ে টাকা দিয়ে মানুষকে ঋণে জর্জরিত করছে। দেশের প্রতিটি গ্রামের মানুষের উন্নয়নের কথা বলে কিছু এনজিও মানুষকে সুদের বেড়াজালে আটকিয়ে ফেলছে। একবার কোনো ব্যক্তি এদের কাছ থেকে সুদে টাকা নিয়ে আর বের হতে পারছে না। তিনি নিজেও এর শিকার।
তিনি আরো জানান, দাদন ব্যবসায়ীদের সুদের টাকা না দিতে পারলে মুখের খাবার পর্যন্ত কেড়ে নেয়। তাই তিনি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারাদেশ থেকে সুদ ব্যবসা বন্ধের দাবি নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবেন ও কথা শুনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তারিক/ইম





