কা'বা আল্লাহর ঘর। এই ঘরকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা সবসময়ই হয়েছে। এই ঘরের সেবা অত্যন্ত সাওয়াবের কাজ বিবেচিত হয়ে আসছে। ফলে অনেকবারই এর সৌন্দর্য বাড়ানোর কাজ করা হয়েছে। এর অংশ হিসেবেই কাবাঘরের দরজা স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে।

১৩৯৬ হিজরিতে বাদশাহ খালেদ ২৮৬ কেজি সোনা দিয়ে বর্তমান দরজাটি তৈরি করেছেন। এতে আল্লাহপাকের নাম এবং পবিত্র কোরআনের আয়াত লেখা রয়েছে। কাবা শরিফের দরজাটিতে দুটি অংশ রয়েছে। মাঝখানে আছে তালা।

ঐতিহাসিক সূত্রে এই তালার চাবি কটিবিশেষ বনু তালহা গোত্রের কাছে থাকে। প্রাচীনকাল থেকেই তাদের হাতে রয়েছে কাবাঘরের চাবি। তবে প্রথম আমলের তালা যেমন এখন আর নেই, চাবিও নেই। তবে বর্তমানটির পাশাপাশি পুরান আমলের অনেক চাবি এখনো অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করা হয়ে থাকে। কা‌'বার বর্তমান চাবিটি ৩৫ সেন্টিমিটার। বিশেষভাবে বানানো বাক্সে রাখা হয় এই চাবিটি।

মক্কা বিজয়ের পর অনেক কিছুতে পরিবর্তন হলেও মহানবী (সাঃ) এই গোত্রের হাতেই কা'বা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব রেখে দেন। ফলে তারাই কা'বা ঘরের ঐতিহাসিক সেবক।

মক্কা বিজয়ের দিন তাদের কাছ থেকে চাবি নিয়ে কা'বা ঘরকে পবিত্র করেন, আর তাদের হাতেই চাবি ফিরিয়ে দেন।

এ সময় তিনি বলেন, ‘হে বনি আবদুদ দুর, কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য এই চাবি গ্রহণ করো। জালেম ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এই চাবি ছিনিয়ে নিবে না।’

কা'বা ঘর সংরক্ষণের কাজে নিয়োজিতদের আরবিতে 'সাদালাতুল কা'বা' বলা হয়। বনু তালহা গোত্রের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কা'বার চাবি বহন করেন।

এমএ/কেএইচ