বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টে বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের ২৫ ওভার ও তৃতীয় দিনের ২৪.৫ ওভার পণ্ড হয়েছিল। চতুর্থ দিনে বিরামহীন বৃষ্টিতে তো একটি বলও মাঠে গড়ায়নি। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনেও চট্টগ্রামে বৃষ্টি হানা দিয়েছে।

আজ রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। ফলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। দুই দলের খেলোয়াড়রা এখনো হোটেল থেকেই বের হননি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। সকাল সাড়ে ১১টায় আম্পায়ারদের মাঠ পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের যা অবস্থা, তাতে আজও বল মাঠে গোড়ানো ছাড়াই ম্যাচ ড্র হতে পারে।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯)।

বাংলাদেশ: প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮,  হার্মার ৩/১০৫,  ফিল্যান্ডার ২/৪০)।

কেএইচ