পারিশ্রমিকের হিসেবে এবার মুশফিককে ছাড়িয়ে যেতে পারে সাকিব-তামিম। আয়কর-জটিলতার কারণে তারকা ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক মিডিয়াকে জানাতে চান না। ব্যক্তিগত প্রশ্ন বলে বরাবরই সংবাদমাধ্যমকে এড়িয়ে যান।
ক্রিকেটারদের জন্য বিষয়টি বিভ্রান্তিকর হলেও ক্লাব কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়াটা অনেক সুনামের। কোন ক্লাব কত টাকায় খেলোয়াড় কিনছেন তা জানা যাচ্ছে।
তবে মাঝে মাঝে ব্যক্তিগত সম্পর্কের কারণেও কোনো কোনো খেলোয়াড় কম টাকায় নিজেদের পছন্দের ক্লাবে খেলে থাকেন।
একমাত্র উদাহরণ দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। কলাবাগান ক্রিকেট একাডেমি থেকে ৩৫ লাখ টাকার অফার পেয়েছিলেন মাশরাফি। কিন্তু আগে কথা দেওয়ার কারণে ৫ লাখ কম টাকায় মোহামেডান ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
এদিকে ক্রীড়াঙ্গনে গুঞ্জন, প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অঙ্কটা অর্ধকোটি টাকা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
তবে বড় গুঞ্জন হলো সাকিব আল হাসান ও তামিম ইকবাল মুশফিকের অর্ধকোটি টাকার পারিশ্রমিককেও ছাড়িয়ে যাবেন। সাকিব ও তামিম হয়তো ৫০ লাখ করে পাবেন। সঙ্গে একটি করে গাড়িও!
যদিও সাকিব লিগে খেলার সুযোগ পাবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয় । তবে যদি তিনি সুযোগ পান, তাহলে মুশফিককে যে ছাড়িয়ে যাবেন, সেটা শতভাগ নিশ্চিত।
এ বিষয়ে গাজী ট্যাংক ক্রিকেটার্সের কর্ণধার লুৎফর রহমান বাদল জানিয়েছেন, জাতীয় দলের অধিনায়কের চেয়ে সাকিব ও তামিম বেশি অর্থ পাবেন।
সফল এই ক্রীড়া সংগঠক বলেন, ‘ভিক্টোরিয়ায় আমার সাথে এক বছর তামিমের চুক্তি ছিল ৩০ লাখ টাকা। মৌসুম শেষে ও (তামিম) আমার কাছ থেকে গাড়িও নিয়েছে। তাহলে কত দাঁড়াল।’
কিন্তু টাকার অঙ্কটা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। বরং তার শরীরী ভাষা ও ইঙ্গিতপূর্ণ কথাবার্তায় পরিষ্কার বোঝা যায়, সাকিব ও তামিম প্রাইমের মুশফিকের পারিশ্রমিককে ছাড়িয়ে যাচ্ছেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ





