বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টিনার দলনেতা লিওনেল মেসি। কুচকিতে চোট পাওয়ায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতিশোধ নেয়ার সুযোগ পাওয়া ম্যাচটিতে খেলা হচ্ছে না তার। সোমবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে।

আগামী বুধবার জার্মানির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সার হয়ে খেলতে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে চোট পেয়েছেন তিনি। যদিও ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে বার্সা।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এবার তারা প্রতিশোধ নেয়ার লক্ষ্যে মাঠে নামবে।

বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন আলেসান্দ্রো সাবেলা। তার স্থলাভিষিক্ত হন জেরার্ডো মার্টিনো। এই ম্যাচ দিয়ে অভিষেক হবে তার। কিন্তু সেই ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পাচ্ছেন না তিনি।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই