বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। ট্র্যাকের রাজা হলেও ফুটবল এবং ক্রিকেটের একজন একনিষ্ঠ ভক্ত তিনি। ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি স্প্রিন্ট কিং-এর ভালোবাসার কথা সর্বজনবিদিত। সম্প্রতি স্পন্সর অ্যাডিডাসের হয়ে ভারত সফরে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচেও অংশ নিয়েছেন। অ্যাথলেটিকসে নাম লেখানোর আগে খেলেছেন ক্রিকেট। কিন্তু জ্যামাইকাতে ক্রিকেটের ভবিষ্যত খুব বেশি ভালো নয় বিধায় বাবার সিদ্ধান্তেই ফিরে আসেন ট্র্যাকে।
বর্তমানে অস্টেলিয়া সফরে থাকা অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট চ্যানেল নাইন-এর একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়েই কথা বলেছেন তিনি। সেখানেই তার প্রিয় ক্রিকেটার হিসেবে ভারতের শচিন টেন্ডুলকারের চেয়ে অস্ট্রেলিয়ান শেন ওয়ার্নের নাম উচ্চারণ করেন বোল্ট।
আপনার সেরা একাদশ পছন্দ করতে বলা হলে স্পিন কিং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং লিটল মাস্টার ভারতের শচিন টেন্ডুলকারের মধ্যে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, এ ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী টেন্ডুলকারকে নয়,অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্নকেই বেছে নেবেন।
বোল্ট বলেন, তার ভৌগোলিক অবস্থান এবং ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দিতে ওয়ার্নের ক্ষমতার কারণেই তিনি লেগ স্পিনারকে বেছে নেবেন।
তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে আমি একজন বোলারের চেয়ে বেশি কিছু। সুতরাং অবশ্যই আমি ওয়ার্নের সঙ্গ থাকবো এবং বিষয়টা এমন নয় যে আমি এখন এখানে (অস্ট্রেলিয়ায়) আছি বলে।’
‘আমি যখন ওয়ার্নকে প্রথম স্পিন বল করতে দেখি, দেখেছি কিছু ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করছে এবং বল ডান দিকে টার্ন করেছে (এবং সে বোল্ড আউট)।’ এরপর নিজের প্রিয় ফাস্ট বোলার নিয়েও কথা বলেন বোল্ট।
১৯৭০-৮০ দশকে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু ফাস্ট বোলার পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শিশুকাল থেকেই বোল্টের প্রিয় ফাস্ট বোলার ছিলেন অন্য দেশেরই একজন।
বোল্ট বলেন, ‘আমি পাকিস্তানের একজন একনিষ্ঠ ভক্ত।কেউই বিশ্বাস করবে না আমার প্রিয় ওয়াকার ইউনিস।’
‘আমি একজন আগ্রাসি ব্যক্তি সুতরাং আমি অ্যাডাম গিলক্রিস্টেরও খেলা দেখতাম। এ ছাড়া অপর একজন হলেন ম্যাথু হেইডেন।’
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডিকম, এসএমএ





