বৃষ্টিতে আড়াই দিনের ওপরে বল মাঠে গড়ায়নি। প্রথম ইনিংসে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা। সেই টেস্ট উত্তেজনা ছড়িয়ে পঞ্চম দিনের শেষ সেশনে এসে হার।
হ্যাঁ, দলটির নাম পাকিস্তান বলে সবই সম্ভব। মিসবাহ-উল হকরা অস্ট্রেলিয়ার কাছে শুক্রবার মেলবোর্নে ইনিংস ও ১৮ রানে হেরে গেছে।এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে স্বাগতিকদের নিশ্চিত হয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
শেষ দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৬২৪ রানে ইনিংস ঘোষণা করার পর পরাজয় এড়াতে পাকিস্তানের দরকার ছিল ১৮১ রান। কিন্তু তারা পেসতোপে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়।
শেষ সেশনে মিসবাহরা ৯১ রানে হারিয়েছে ৫ উইকেট, যার তিনটি নিয়েছেন নাথান লায়ন। বোলিং নিয়ে অধিনায়ক স্মিথ প্রশ্ন তুললেও লায়নই ইউনুস খান ও অধিনায়ক মিসবাহকে ফিরিয়ে জয়ের পথ সহজ করে দেন।
পাকিস্তানের পক্ষে যা একটু লড়াই করেন প্রথম ইনিংসে ডাবল শতক করা আজহার আলী ও ইউনুস খানের জুটি। এ জুটিতে আসে ৫৭ রান।
শেষ দিকে সরফরাজ আহমেদ পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে ড্রয়ের স্বপ্ন দেখালেও তার শেষ পর্যন্ত সফল হয়নি। মিশেল স্টার্ক তাকে ফেরানোর পরই হুড়মুড় করে ভেঙে পড়ে পাক ইনিংস।
পাকিস্তানের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান করে করেন আজহার ও সরফরাজ। আর ২৪ রান করেন ইউনুস খান।
অস্ট্রেলিয়ার পক্ষে মিশেল স্টার্ক নেন ৪ উইকেট। এছাড়া নাথান লায়ন ৩টি এবং হ্যাজলেউড তুলে নেন দুই উইকেট। ম্যাচসেরা হয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস ৪৪৩/৯ (আজহার আলী ২০৫*, সোহাইল খান ৬৫; হ্যাজলেউড ৩/৫০ ও বার্ড ৩/১১৩)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৬২৪/৮ (স্টিভেন স্মিথ ১৬৫*, ডেভিড ওয়ার্নার ১৪৪, উসমান খাজা ৯৭; সোহাইল খান ৩/১৩১ ও ইয়াসির শাহ ৩/২০৭)।
পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৬৩ (আজহার আলী ৪৩, সরফরাজ আহমেদ ৪৩; স্টার্ক ৪/৩৬ ও নাথান লায়ন ৩/৩৩)।
মাহমুদ





