ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিব আল হাসানের খেলা নিয়ে দ্বন্দ্বের অবসান হলো। নিজের পছন্দ মতো দলেই খেলতে পারবেন দেশসেরা এই অল রাউন্ডার। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার প্রিমিয়ার লিগের দল-বদলে অংশগ্রহণ করতে যান সাকিব। কিন্তু তখন তার পছন্দের দলে খেলা নিয়ে সিসিডিএমএর সঙ্গে জটিলতা দেখা দেয়। ফলে বিসিবি'র দ্বারস্থ হতে হয়। এ বিষয় বৃহস্পতিবার বিসিবি'র পক্ষ থেকে বলা হয়, "সাকিব আজই (বৃহস্পতিবার) দলবদল করতে পারবেন স্বাভাবিক নিয়মে। যে সব দল এখনও পুলের কোটা পূরণ করেনি তারা তাকে দলে টানতে পারবে। এক্ষেত্রে সাকিব তার পছন্দসই দলে খেলার সুযোগ পাবে।"

সাকিব জানিয়েছেন, এ মৌসুমে গাজী ট্যাঙ্কের হয়ে খেলতে চান তিনি। বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমি দলবদল প্রক্রিয়ায় অংশ নেব। অবশ্যই গাজী ট্যাঙ্কের হয়েই ক্রিকেট খেলব।’

গাজী ট্যাঙ্কের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, ‘সাকিব আমার দলের হয়েই খেলবে। কিছুক্ষণের মধ্যেই সাকিবের দলবদল প্রক্রিয়া সম্পন্ন করব।’

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই